নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে দৈনিক নাগরিক ভাবনার প্রধান কার্যালয়ে এসির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে পত্রিকাটির সম্পাদকীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে পত্রিকাটির সম্পাদক রিফান আহমেদসহ ৩ সংবাদকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, বার্তা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সংবাদ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা চলাকালে সম্পাদকের চেয়ারের পেছনে থাকা এসির গ্যাস সিলিন্ডারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর সেখানে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক অনুসন্ধানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের পর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় পত্রিকাটির কার্যালয়ের আসবাবপত্র, যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা জানানো হবে। আহতদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন পরিবার ও সহকর্মীবৃন্দ।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA