# নাগরিক ভাবনা || Nagorik Bhabna

Online Portal of Nagorik Bhabna

- Site: https://nagorikbhabna.com/

## মালিক-শ্রমিক উভয় পক্ষই দেবে সংশোধিত প্রস্তাব

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%89%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%87-%e0%a6%a6/
- Published: 2026-11-24T10:00:21+06:00
- Author: Sankar Roy

**নিজস্ব প্রতিনিধি:**    তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ 
নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে টানাপড়েন আরও বেড়েছে। দীর্ঘ আলোচনা ও দরকষাকষির
পরও কোনো পক্ষই পরস্পরের প্রস্তাব নিয়ে সন্তুষ্ট হতে পারেনি। ফলে নতুন করে সংশোধিত
মজুরি প্রস্তাব জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুই পক্ষের মতবিরোধের কারণে ন্যূনতম 
মজুরি নির্ধারণে ঐকমত্যে পৌঁছাতে আরও সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে মর্যাদাপূর্ণ মজুরি নিশ্চিত করার দাবি
জানিয়ে আসছেন শ্রমিক নেতারা। অন্যদিকে, শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক
বাজারে প্রতিযোগিতার বিষয়টি বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের পক্ষে মালিকপক্ষ।

গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত তৃতীয়
সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের
কাছে যৌক্তিক মনে হয়নি। আবার শ্রমিকপক্ষের আগের প্রস্তাবও মালিকপক্ষ যথাযথ মনে করছে
না। এ কারণে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে সংশোধিত প্রস্তাব জমা দেবে। 
এরপর সেগুলো বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, দুই পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও
কোনো বিষয়ে ঐকমত্য হয়নি। উভয়পক্ষ সংশোধিত প্রস্তাব দিলে বোর্ড সেগুলো পর্যালোচনা
করে সিদ্ধান্তের দিকে এগোবে।

তবে মালিকপক্ষ কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে এখনই বিস্তারিত 
জানাতে চাননি বোর্ডের সদস্যরা। ফলে মালিকদের প্রস্তাবিত মজুরির পরিমাণ নিয়ে স্পষ্ট
ধারণা পাওয়া যায়নি।

গতকাল সোমবার বেলা ১১টায় শুরু হওয়া ছয় সদস্যের মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ
তাদের লিখিত প্রস্তাব জমা দেয়। এরপর প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
কিন্তু শ্রমিকদের প্রত্যাশা এবং মালিকদের সক্ষমতার মধ্যে সমন্বয় না হওয়ায় শেষ পর্যন্ত
কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বিজিএমইএ
পরিচালক ও বোর্ড সদস্য এবিএম শামসুদ্দিন, শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এবং রাশেদুল
আলম রাজুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মজুরি নিয়ে দুইপক্ষের বিপরীত অবস্থান : মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় গত ৯ নভেম্বর
শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেয়। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক
ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব করেন। এতে প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে
৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরির সুপারিশ 
করা হয়। নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষনবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাব করা
হয়।

এ ছাড়া অফিস স্টাফ ও কর্মচারীদের জন্য চারটি গ্রেডে যথাক্রমে ৫৫ হাজার, ৫০ হাজার, 
৪৫ হাজার ও ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়।

অন্যদিকে, মালিকপক্ষ দ্বিতীয় সভায় প্রস্তাব জমা দিতে না পারায় বোর্ডের কাছে সময়
চায়। সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দিয়ে ১৫ নভেম্বরের
মধ্যে প্রস্তাব জমা দিতে নির্দেশনা দেয়। পরে ১৬ নভেম্বরের নির্ধারিত সভা স্থগিত হয়ে
২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়।

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, মালিকপক্ষের প্রস্তাবে শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন
ঘটেনি। একইভাবে মালিকপক্ষও শ্রমিকদের প্রস্তাবের সঙ্গে একমত হতে পারেনি। এ কারণে উভয়
পক্ষ নিজেদের প্রস্তাব পুনর্বিবেচনা করে সংশোধিত আকারে বোর্ডে জমা দেবে।

**৩০ হাজার টাকার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ : **এদিকে মজুরি বোর্ডের সভা চলাকালে কার্যালয়ের
বাইরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ করেন কয়েকটি পোশাকশ্রমিক সংগঠনের
নেতাকর্মীরা। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা দ্রুত মজুরি নির্ধারণ, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির
সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নের দাবি জানান।

বিক্ষোভকারীরা আটক শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি, শ্রমিকদের বিরুদ্ধে হামলা-মামলা
ও হয়রানি বন্ধেরও দাবি জানান। পাশাপাশি মজুরি আন্দোলনে নিহত তৌফিক ও সেলিমের পরিবারকে
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান
তারা।

শ্রমিক নেতাদের বক্তব্য, শুধু মজুরি ঘোষণা করলেই হবে না, শ্রমিকদের চাকরির নিরাপত্তা
ও শিল্পে স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। দমন-পীড়নের পরিবর্তে অর্থবহ আলোচনার মাধ্যমে
শ্রমিকদের দাবির সমাধান করতে হবে।

**জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মজুরির ব্যবধান : **বর্তমানে দেশের পোশাকশ্রমিকদের মাসিক
সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ মজুরি ওই বছরের ডিসেম্বর
থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।

গত কয়েক বছরে খাদ্যপণ্য, বাসাভাড়া, চিকিৎসা, যাতায়াত ও শিক্ষাব্যয় উল্লেখযোগ্যভাবে
বেড়েছে। কিন্তু সেই তুলনায় শ্রমিকদের আয় বাড়েনি বলে অভিযোগ শ্রমিক সংগঠনগুলোর। 
তাদের মতে, বর্তমান মজুরিতে একজন শ্রমিকের পক্ষে পরিবার নিয়ে সম্মানজনক জীবনযাপন করা
কঠিন হয়ে পড়েছে। এ কারণেই নতুন মজুরি কাঠামোয় সর্বনিম্ন ৩০ হাজার টাকা নির্ধারণের
দাবি জোরালো হয়েছে।

অন্যদিকে, মালিকপক্ষের সামনে রয়েছে উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট, আন্তর্জাতিক
বাজারে মূল্য প্রতিযোগিতা এবং ক্রয়াদেশ ধরে রাখার চ্যালেঞ্জ। ফলে মজুরি বাড়ানোর ক্ষেত্রে
শিল্পের সক্ষমতা বিবেচনার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

**সমন্বয়ই এখন বড় চ্যালেঞ্জ : **তৈরি পোশাকশিল্প বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান
উৎস এবং এ খাতে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান রয়েছে। তাই নতুন মজুরি নির্ধারণে একদিকে
শ্রমিকদের জীবনমান উন্নয়ন, অন্যদিকে শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা— দুই
বিষয়ই সমান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের চেয়ারম্যান 
হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য হিসেবে
রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব
আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে 
রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস
অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

সংশ্লিষ্টদের মতে, সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার পর বোর্ডের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ
হবে দুই পক্ষের অবস্থানের মধ্যে গ্রহণযোগ্য সমন্বয় তৈরি করা। কারণ, একদিকে শ্রমিকদের
ন্যায্য মজুরির প্রত্যাশা, অন্যদিকে শিল্পের সক্ষমতা ও রপ্তানি বাজার ধরে রাখার চাপ
রয়েছে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে না পারলে নতুন মজুরি কাঠামো নিয়ে
অনিশ্চয়তা আরও দীর্ঘায়িত হতে পারে। ফলে শ্রমিকদের প্রত্যাশা পূরণের পাশাপাশি পোশাকশিল্পের
স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন মজুরি বোর্ডের সামনে বড় পরীক্ষা।

## পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতনের প্রস্তাব মালিকপক্ষের, আপাতত প্রকাশ করছে না বোর্ড

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b6%e0%a6%be%e0%a6%95%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%82%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac/
- Published: 2026-11-24T09:51:53+06:00
- Author: Sankar Roy

**নিজস্ব প্রতিবেদক:**    পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে
মালিকপক্ষ। আজ সোমবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর তারা প্রস্তাব দিয়েছেন।
তবে কত টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, সেটি জানানো হয়নি। বোর্ডের তৃতীয় সভার
মধ্যে বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বোর্ড চেয়ারম্যান।

তিনি বলেন, ‘অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করেই আমাদের সিদ্ধান্ত নিতে 
হচ্ছে। আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যেটা বেআইনি হয়, অবাস্তব হয়।’

এদিন বেলা সাড়ে ১১টায় বোর্ডের কার্যালয়ে এ সভা শুরু হয়। সভার আলোচ্যসূচিতে শিল্প
খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নও
রয়েছে।

এদিকে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবে যে ন্যূনতম মজুরি উত্থাপন করা হয়েছে তা শ্রমিকদের
দাবির ধারেকাছেও নেই বলে জানিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার। তাদের দেওয়া
প্রস্তাবে ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি করা হয়েছিল। মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের
দাবির ধারেকাছেও নেই। তবে এটি চূড়ান্ত প্রস্তাব নয়।

## উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%89%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af/
- Published: 2026-11-24T09:42:24+06:00
- Author: Sankar Roy

**উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:    **কুড়িগ্রামের উলিপুর থানা বার্ষিক পরিদর্শন ও 
থানায় অনুষ্ঠিত চৌকিদার প্যারেড পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি,
পিপিএম। সোমবার (২৩ নভেম্বর) তিনি উলিপুর থানা পরিদর্শনকালে থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম
পর্যালোচনা করেন এবং গ্রামপুলিশের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা
প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন কার্যক্রম, রেজিস্টারপত্র, অস্ত্রাগার, ব্যারাক
এবং নির্মাণাধীন নতুন থানা ভবনের নির্মাণকাজ ঘুরে দেখেন। এ সময় তিনি থানার সার্বিক 
কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন।

পুলিশ সুপার থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক ও দায়িত্বশীল আচরণ এবং
দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং অপরাধ
নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের বিষয়ে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় 
নির্দেশনা দেন।

পরে চৌকিদার প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার গ্রামপুলিশের সদস্যদের উদ্দেশ্যে বলেন,
স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গ্রামপুলিশের ভূমিকা অত্যন্ত
গুরুত্বপূর্ণ। তাই নিজ নিজ এলাকায় সর্বদা সতর্ক ও দায়িত্বশীল থেকে নিয়মিত নজরদারি করতে
হবে।

তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদার, মাদকসংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানানো, চুরি-
ডাকাতিসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয়
জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন। এ ছাড়া পলাতক আসামি
ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা
এবং এলাকায় সংঘটিত বা সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে—এমন যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের 
তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান।

এ সময় পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয়
পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামপুলিশের
মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে অপরাধ প্রতিরোধ এবং আইন-
শৃঙ্খলা রক্ষার কার্যক্রম আরও কার্যকর হবে।

পরিদর্শনকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উলিপুর থানা পরিদর্শক(
ওসি তদন্ত) কমল কিশোর ঘোষসহ থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও গ্রামপুলিশের সদস্যরা
উপস্থিত ছিলেন।

## ৫ বছরেও আদায় হয়নি ৬৫ হাজার টাকার পল্লী বিদ্যুৎ বিল

- Link: https://nagorikbhabna.com/%e0%a7%ab-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a6%bf-%e0%a7%ac%e0%a7%ab-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c/
- Published: 2026-11-23T19:37:03+06:00
- Author: admin

**তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি:** বিলের অনিয়মের জন্য পল্লী বিদ্যুতের জুড়ি নেই। অতিরিক্ত
বিদ্যুৎ বিলের এই কবল থেকে তাড়াইল থানাও রেহাই পায় নি। সাবেক ওসি মুজিবুর রহমান এর 
সময় তাহার সরকারি বাসভবনের নামে অতিরিক্ত বিলের অভিযোগ পাওয়া যায়। পরে অবশ্য বিল সংশোধন
করে দেওয়া হয়। তাড়াইল উপজেলায় অনেক সাধারণ মানুষ এই ভূতুড়ে বিলের স্বীকার হয়েছে। এই
সংক্ষিপ্ত সংবাদে এগুলো লিখে শেষ করা যাবে না।

তবে সম্প্রতি আমাদের হাতে এমন এক অবাক করা তথ্য এসেছে যা সত্যিই আমাদের অবাক করে দেয়।
বিদ্যুৎ বিলের হিসাব নং- ০৯-৭৯১-১০০২ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বকেয়া ৬৫৪৪৮/ টাকা, এই 
বকেয়া পরিশোধ না করায় যথারীতি গ্রাহক সাররং গ্রামের শাহ আলমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
করা হয়। কিন্তু অদ্যাবধি পর্যন্ত তাড়াইল পল্লী বিদ্যুৎ অফিস এই টাকা আদায়ে কোন ধরনের
পদক্ষেপ নেয় নাই। বরং উক্ত গ্রাহক বর্তমানে অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করিয়া 
আসিতেছে।

যেখানে পল্লী বিদ্যুৎ অত্যাচারী হিসেবে খ্যাতি রয়েছে, তবে কেন প্রায় ৫ বছরেও এই বিল
আদায়ে কোন উদ্যোগ নেই? উক্ত বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে জানা যায় যে, তাড়াইল পল্লী
বিদ্যুৎ অফিসের পরিদর্শক রফিকুল ইসলাম মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে বিষয়টি ম্যানেজ 
করেছেন। তার জাদুর কাঠির জোরেই ৫ বছরেও এই বিল গ্রাহক কে পরিশোধ করতে হয়নি। আরো জানা
যায় যে, গ্রাহক যতদিন বেচে আছে এই বিলের বিষয়ে কোন মামলা হবে না বলে রফিকুল ইসলাম তাকে
আশ্বস্ত করেছে। যদিও গ্রাহক এই বিষয়টি অস্বীকার করে বলেন যে, তার কাছে পল্লী বিদ্যুৎ
কোন বিল পাবে না।

পল্লী বিদ্যুতের তাড়াইল জোনাল অফিসে ডিজিএম এর সাথে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি
ফোন রিসিভ করেন নি।

## সাহসিকতার স্বীকৃতি পেলেন আনসার কমান্ডার ওমর ফারুক, পুরস্কৃত করলেন মহাপরিচালক

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8/
- Published: 2026-11-23T19:08:24+06:00
- Author: Alamin NV

**নিজস্ব প্রতিবেদক :**

নাশকতা প্রতিরোধে সাহসিকতা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করায় আনসার কমান্ডার মো.
ওমর ফারুককে পুরস্কৃত করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সোমবার (২৩ নভেম্বর) বাহিনীর সদর দপ্তরে তাঁকে ডেকে এ পুরস্কার প্রদান করা হয়।

জানা গেছে, গত ২১ নভেম্বর গভীর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নে
গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখায় মুখোশধারী দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। 
এতে ব্যাংকের মূল ফটকের ভেতরে আগুন ধরে যায়। এ সময় দায়িত্বে থাকা ইউনিয়ন আনসার কমান্ডার
মো. ওমর ফারুক ও কাকৈরগড়া ইউনিয়ন আনসার কমান্ডার মোহাম্মদ আলী দ্রুত আগুন নেভাতে এগিয়ে
আসেন।

আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ওমর ফারুকের হাতের আঙুল পুড়ে ফোস্কা পড়ে। তবুও তিনি দায়িত্ব
থেকে পিছপা হননি। তাঁদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ব্যাংকটি।
পরে দুর্বৃত্তদের ধাওয়া করে তাদের ফেলে যাওয়া আরও একটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার
করেন তাঁরা।

পুরস্কার প্রদানকালে মহাপরিচালক ওমর ফারুকের সাহসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করেন।
তিনি বলেন, দায়িত্ব পালনে এমন সাহসিকতা ও নিষ্ঠা বাহিনীর জন্য গর্বের বিষয়। এ ধরনের
দৃষ্টান্ত জননিরাপত্তা রক্ষায় অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করবে।

বাহিনীর শৃঙ্খলা, জবাবদিহি ও পেশাদারিত্ব নিশ্চিত করার পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি
প্রদানেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ ধরনের 
স্বীকৃতি সদস্যদের মনোবল ও কর্মস্পৃহা বাড়াতে ভূমিকা রাখবে।

## দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%aa%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95/
- Published: 2026-11-23T18:22:32+06:00
- Author: Alamin NV

**সুশান্ত মালাকার দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি:**

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলর হাটসাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা
আরজুমান ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে (২৩
নভেম্বর) সোমবার দুপুরে বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের সভাপতি সুলতান মাহমুদ সুমনের 
সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক
শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাজেদুল ইসলাম,আব্দুর রাজ্জাক,
সহযোগী অধ্যাপক আব্দুস সবুর । আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বেলাল 
উদ্দিন , গোলাম রব্বানী,নূরে আলম সিদ্দিকী,রবিউল ইসলাম,অত্র বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি
আকরাম হোসেন,সহ-সভাতি আব্দুল মান্নান,প্রাক্তন শিক্ষার্থী ওবাইদুল হক,মোহতাসিন মুক্তাদির।
আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আয়েশা আক্তার, অফিস সহকারী রফিকুল ইসলাম, শিক্ষার্থী
ইফামনি,রাফিয়া খাতুন প্রমুখ।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী
ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিদায়ী প্রধান শিক্ষক লায়লা
আরজুমান আগামী ৩১ ডিসেম্বর কর্মজীবন শেষ হবে। তাকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের 
পক্ষ থেকে উপহার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

## জমা দেওয়া আগ্নেয়াস্ত্র ফেরত চেয়ে খুলনায় ১৮ ব্যক্তির আবেদন

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%86%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/
- Published: 2026-11-23T18:19:54+06:00
- Author: Alamin NV

**বিপ্লব সাহা, খুলনা ঃ**

২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর খুলনা নগরীর বিভিন্ন রাজনৈতিক দলের ১৮ জন তাদের
আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে অবিহিত করেন। ১২ ফেব্রুয়ারি
নির্বাচনের পর থেকে তাদের নিজেদের নিরপাত্তার অভাব বোধ করেন। এ কারণে নিজেদের নিরাপত্তা
নিশ্চিতের লক্ষ্যে জমা দেওয়া আগ্নেয়াস্ত্র তারা ফেরত চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে
আবেদন করেছে। জমা দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, পিস্তল, শর্টগান ও বন্দুক।
 অন্তর্বর্তীকালীন
সরকারের আহ্বানে সাড়া দিয়ে রাজনীতিক ও জনপ্রতিনিধিরা পার্শ্ববর্তী থানায় তাদের আগ্নেয়াস্ত্র
জমা দেন। সম্প্রতি আগ্নেয়াস্ত্র ফেরত চেয়ে খুলনা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনকারীরা
হলেন, পূর্ব বানিয়াখামারের এসএম রোকনুদ্দিনের ছেলে সাবেক কাউন্সিলর এসএম রফিউদ্দিন 
আহমেদ, খালিশপুর থানার কাশিপুরের রুহুল আমিনের ছেলে মোঃ সুলতান মাহমুদ পিন্টু, মুন্সিপাড়ার
আফতার উদ্দিন আহমেদের ছেলে দুবলার চরের মৎস্য ব্যবসায়ী কামাল উদ্দিন আহমেদ, খালিশপুর
পুরাতন কলোনির ইদ্রীস আলীর ছেলে মোঃ তাহিদুল ইসলাম, চরের হাটের শেখ জহুরুল হকের ছেলে
এসএম রাজু আহমেদ, মোহাম্মদ নগরের শেখ আব্দুল খালেকের ছেলে শেখ সেলিম, চাঁনমারীর মোঃ
আব্দুল বারীক হাওলাদারের ছেলে মোঃ সেলিম হাওলাদার, হাজী ইসমাইল রোড়ের হাবিবুর রহমানের
ছেলে বদরুল আলম মনীর, খালিশপুর হাউজিং এলাকার আব্দুল হামিদ মোল্লার ছেলে আব্দুল হালিম
মোল্লা, মুজগুন্নি আবাসিক এলাকার তবরেজ আলীর ছেলে আব্দুল হোসেন, দিঘলিয়ার চন্দনীমহলের
মোঃ সোলাইমান মোল্লার ছেলে মোঃ আব্দুল্লাহ ও দাকোপের কালাবগীর আব্দুল হোসেন সানার ছেলে
শাহিনুজ্জমান সানা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম বলেন, সরকারি আদেশ
অনুযায়ী তারা অস্ত্র জমা দিয়েছিল। বর্তমানে লাইসেন্সধারীর অনেকেই সেই অস্ত্র ফেরত পেতে
আবেদন করেছেন। আমরা তাদের আবেদনের প্রেক্ষিতে তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ 
করেছি। তদন্ত শেষে অস্ত্র ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, পুলিশ 
সুপারের ভাষ্যমতে খুলনা জেলার চারটি থানায় আগ্নেয়াস্ত্র ও মাদকমুক্ত করার জন্য অভিযান
শুরু হয়েছে। ১৫ অক্টোবর থেকে এ পর্যন্ত ১টি পিস্তল, ১টি দেশি বন্দুক ও ৭টি ম্যাগজিন
উদ্ধার করা হয়। চব্বিশের জুলাই-আগস্টে বিভিন্ন সরকারি স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্র
উদ্ধারে খুলনার দায়িত্ব পেয়েছে এসআরবি। অস্ত্র উদ্ধারে সেপ্টেম্বর থেকে অভিযান শুরু
হয়েছে। নভেম্বর পর্যন্ত অভিযান চলবে। ২০২৪ সালের মধ্য জুলাই থেকে আন্দোলনরত ছাত্ররা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হয়। রাজধানীসহ বিভিন্ন স্থানে সংঘর্ষের সময় 
ছাত্র-জনতা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়। অন্তবর্তীকালীন সরকার অস্ত্র উদ্ধারে জোরাল 
পদক্ষেপ নেয়। পুলিশ ও বিভিন্ন বাহিনী অস্ত্র উদ্ধারে হিমশিম খায়। অবৈধ অস্ত্র মাঠে 
থাকা সত্ত্বেও ২০২৬ সালের ১২ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ত্রাসীদের হাতে
অস্ত্র থাকায় আইনশৃঙ্খলা বাহিনী উদ্বিঘ্ন হয়ে পড়েছে। কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার(
দক্ষিণ) অমিত কুমার বর্মন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের
পর থেকে ৭৩টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার অভিযান
চালানো হয়েছে। মাদকসেবীদের হাতেও অস্ত্র রয়েছে। ২০২৪ সালে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের 
সময় বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র থেকে ২০ জন সশস্ত্র পুলিশ দেয়াল টপকে পালিয়ে যায়।
তাদের বিষয়ে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়নি। বেতার কেন্দ্রকে অরক্ষিত রেখে তারা জীবন
নিয়ে পালিয়ে যায়। এ দিনে একশ’ কোটি টাকার সরকারি সম্পদ লুট হয় বলে বাংলাদেশ বেতার খুলনার
প্রশাসনিক কর্মকর্তা সোনাডাঙ্গা থানায় করা জিডিতে উল্লেখ্য করেন

## সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনে ৪২ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/
- Published: 2026-11-23T18:17:42+06:00
- Author: Alamin NV

**সিরাজগঞ্জ প্রতিনিধি :**

জ্বালানি সংকট মোকাবিলা, বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে নিজ
বাসভবনে ৪২ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি
ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জে তাঁর নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ
স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা এবং
এর সুফল সম্পর্কে সচেতনতা তৈরিই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

বর্তমান জ্বালানি পরিস্থিতিতে সৌরবিদ্যুৎকে বিদ্যুৎ উৎপাদনের একটি কার্যকর ও পরিবেশবান্ধব
বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশের প্রতিটি বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান
ও সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবহারের ব্যাপক সুযোগ রয়েছে। ব্যক্তি ও প্রতিষ্ঠান 
পর্যায়ে এ ধরনের উদ্যোগ বাড়লে জাতীয় গ্রিডের ওপর চাপ কমার পাশাপাশি প্রচলিত জ্বালানির
ওপর নির্ভরশীলতাও কমবে।

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রতি সৌরবিদ্যুৎ ব্যবহারের গুরুত্ব তুলে
ধরে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনেও সোলার প্যানেল ও ব্যাটারি
স্থাপন করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর বাসভবন সৌরবিদ্যুতের মাধ্যমে
২৪ ঘণ্টা পরিচালিত হচ্ছে। এমনকি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

মন্ত্রী সাধারণ মানুষকে নিজেদের বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের আহ্বান জানিয়েছেন।
তাঁর মতে, সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে বিদ্যুৎ বিল কমানোর পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর
অতিরিক্ত চাপও হ্রাস করা সম্ভব। দিনের বেলায় উৎপাদিত বিদ্যুৎ সরাসরি ব্যবহার এবং ব্যাটারিতে
সংরক্ষণের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী বিদ্যুতের চাহিদা পূরণ করা যেতে পারে।

সম্প্রতি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে ঘরে ঘরে সৌরবিদ্যুৎ ব্যবহারের
ওপর গুরুত্বারোপ করেন বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে সাধারণ
মানুষ বিদ্যুৎ বিলের খরচ কমাতে পারবেন। পাশাপাশি প্রিপেইড মিটারের ওপর নির্ভরশীলতাও
কমবে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়েও কাজ করছে।

এ বিষয়ে মন্ত্রীর সহধর্মিণী ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয়
এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মন্ত্রীর নিজের বাসভবনে ৪০ কিলোওয়াটের সোলার
প্যানেল স্থাপন একটি সচেতনতামূলক উদ্যোগ। আশা করছি, এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সাধারণ
মানুষও নিজেদের বাড়িতে সোলার প্যানেল স্থাপনে আগ্রহী হবেন। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি
দেশ ও জনগণ উপকৃত হবে।

সংশ্লিষ্টদের মতে, নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিরা নিজেরা সৌরপ্রযুক্তি ব্যবহার করলে
সাধারণ মানুষের মধ্যেও এর প্রতি আগ্রহ বাড়বে। জ্বালানি সাশ্রয়, পরিবেশবান্ধব বিদ্যুৎ
উৎপাদন ও ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারি 
পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি।

## টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ । নারী-শিশুসহ দগ্ধ-৩

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%9f%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0/
- Published: 2026-11-23T18:14:19+06:00
- Author: Alamin NV

**মৃণাল চৌধুরী সৈকত**

টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের পাইপে ছিদ্র থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন
স্থানীয় চিকিৎসক।
 রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার দাঁড়াইল
পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। দগ্ধ ব্যক্তিরা হলেন খুলনার কয়রা 
থানার আশফাক গাজীর ছেলে মো. তরিকুল ইসলাম (২৬), ঝালকাঠির চরবিশ্বাস এলাকার সুলতান মৃধার
মেয়ে মনিরা আক্তার (৩০) এবং নরসিংদীর পাঁচদোনা এলাকার সুমন ও মনিরা আক্তার দম্পতির 
ছেলে আরাফাত (৬)। তারা সবাই দাঁড়াইল পশ্চিমপাড়ার জুতার কারখানা সংলগ্ন জাহানারা বেগমের
টিনশেড বাড়ির ভাড়াটিয়া। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে তরিকুল ইসলামের
কক্ষের রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে গ্যাস বের হতে থাকে। ঘরের
ভেতরে গ্যাস জমে যাওয়ার পর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে
তরিকুলের কক্ষসহ পাশের ঘরে। এতে পাশের কক্ষে থাকা মনিরা ও তার ছেলে আরাফাতসহ ৩জন গুরতর
আহত এবং দগ্ধ হয়। বিস্ফোরণের শব্দ শুনে বাড়ির অন্য ভাড়াটিয়া ও স্থানীয় বাসিন্দারা দ্রুত
ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের
দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম 
হয়।

দগ্ধ এবং আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের
চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় 
উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
 টঙ্গী
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে
আগুনের সূত্রপাত হয়ে তিনজন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে
গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক
সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

## চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ হস্তান্তর

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d/
- Published: 2026-11-23T18:10:22+06:00
- Author: Alamin NV

‎**চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:**
 ‎ ‎​দিনাজপুরের চিরিরবন্দরে রেলব্রিজ পারাপারের
সময় ট্রেনের ধাক্কায় আপন রায় (২২) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। 
গতকাল রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের বানীযুগি গ্রামের
বানীযুগি রেলব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে
হস্তান্তর করা হয়েছে। ‎ ‎​নিহত আপন রায় চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের ছোট হাসিমপুর
গ্রামের বড় ভিটা এলাকার অমল রায়ের ছেলে। ‎ ‎​স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে
বানীযুগি রেলব্রিজ পারাপারের সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর
আহত হন আপন। এতে তার মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। ‎ ‎​
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন্নবী জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে
অবহিত করা হয়েছে। ‎ ‎​এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া
শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
