রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলার ৪নং খানখানাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন বা সমর্থন প্রত্যাশা করছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কারানির্যাতিত নেতা আমজাদ হোসেন সরদার। তৃণমূল নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসায় সিক্ত এই নেতার নেতৃত্বে সম্প্রতি এলাকায় একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় আমজাদ হোসেন সরদার ছাত্রদলের রাজনীতি থেকেই নিজের নেতৃত্ব তৈরি করেছেন। তিনি অতীতে খানখানাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেছেন। পরবর্তীতে ২০১৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিএনপির কঠিন ও দুঃসময়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার সাথে পালন করে আসছেন। এই দীর্ঘ আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার সুবাদে তিনি বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও কারানির্যাতিত হন।
দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা এবং রাজপথের আপসহীন ভূমিকার কারণে তৃণমূলের নেতাকর্মীদের একটি বড় অংশ বিশ্বাস করেন যে, দল আগামী নির্বাচনে তাকেই চেয়ারম্যান পদে উপযুক্ত মনে করে মনোনয়ন দেবে।
শোভাবাত্রা ও পথসভায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব শাহীন। তাছাড়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দও স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন।

প্রতিবেদক 
























