মৃণাল চৌধুরী সৈকত
গাজীপুর মহানগরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক মাদ্রাসা
শিক্ষার্থীকে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিমকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
রোববার (৮ নভেম্বর) স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে বলে জানা গেছে। এ ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা করেছে।
গ্রেপ্তারকৃত রাব্বি হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া এলাকার কবির হোসেনের ছেলে। তিনি টঙ্গীর মিফতাহুল উলুম মাদরাসার শিক্ষক।
শিশুটির স্বজনদের অভিযোগ, গত ৪ নভেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ কক্ষে নিয়ে গরম আয়রন দিয়ে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে ছ্যাঁকা দেন শিক্ষক মোস্তাকিম। এতে শিশুটির শরীরের কয়েকটি অংশ পুড়ে যায়। পরে ঘটনা গোপন রাখতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে শিশুটির মা মাদ্রাসার বেতন দিতে গিয়ে বিষয়টি জানতে পারেন। ঘটনা জানাজানি হলে শিক্ষক মোস্তাকিম মাদ্রাসা থেকে পালিয়ে যান। পরে রোববার স্থানীয়রা মিমাংসার কথা বলে কৌশলে তাকে মাদ্রাসায় ডেকে এনে আটক করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় শিশুটির পরিবার মামলা করেছে। ওই মামলায় শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিবেদক 



















