ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফিরে আসবে বা পুনর্বাসিত হবে—এটি কোনো সাধারণ প্রোপাগান্ডা নয়, বরং দেশকে অস্থিতিশীল করতে দিল্লির প্রোপাগান্ডা। ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জয়পুরহাটের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
সরকার ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় সাংবাদিকসহ সরকারবিরোধী বহু মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার, মারধর ও নির্যাতন করা হয়েছে। সরকার জনগণের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে একটি সাংবিধানিক সংশোধন কমিটি গঠনের মাধ্যমে পুরো সংস্কার প্রক্রিয়াকে ভণ্ডুল করতে চাইছে। অথচ তারা নির্বাচনে ৭০ শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিলেন।’
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাবিক মাহাদি উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক: 
























