তুরাগের বস্তিতে ভয়াবহ আগুন, ৩০ ঘর পুড়ে ছাই

- সর্বশেষ পরিমার্জন: ১২:২০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ১৬ বার পঠিত

নাগরিকভাবনা ডেস্ক: রাজধানীর তুরাগে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএনসিসি ৫৩ নম্বর ওয়ার্ডের বামনারটেক এলাকার অলি মাদবরের বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মালামালসহ প্রায় ৩০টিরও বেশি ঘর পুড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন উত্তরা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. আলম হোসাইন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে আগুন লাগার খবরটি পাওয়া যায়। এ সময় উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি এবং টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দা মো. চাঁন মিয়া বেপারী জানান, বামনারটেক এলাকার অলি মাতবরের বস্তিতে আগুন লেগে টিনশেড ও আধাপাকা মিলিয়ে অন্তত ২৫ থেকে ৩০টি ঘর পুড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিসের টিম আসতে দেরি করায় ক্ষয়ক্ষতি বেড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।





















