অপু দাস, রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৬ পিস ইয়াবাসহ মো. বাবুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় তাঁর কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) এসআরবি-৫ রাজশাহীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এর অংশ হিসেবে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ছিনতাই, অপহরণ, ধর্ষণ, ভেজাল পণ্যের বিস্তার রোধ এবং মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করছে সংস্থাটি।
এরই ধারাবাহিকতায় শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-৫-এর সদর কোম্পানির একটি অপারেশন দল।
অভিযানটি উপজেলার ৫ নম্বর গোগ্রাম ইউনিয়নের লালদিঘী গ্রামে লালদিঘী জামে মসজিদের উত্তর পাশে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাকা সড়ক এলাকায় পরিচালিত হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে মো. বাবুল হোসেনকে আটক করা হয়। পরে তাঁর কাছে তল্লাশি চালিয়ে ১১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রির কাজে ব্যবহারের অভিযোগে একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. বাবুল হোসেনের বয়স ৩৮ বছর। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহারাজপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম এনামুল হক এবং মাতার নাম তানজিলা।
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা ইয়াবা সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি বিভিন্ন উপায়ে ইয়াবা সংগ্রহ, সংরক্ষণ এবং বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
পরবর্তীতে উদ্ধার করা মাদকদ্রব্য, মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ তালিকাভুক্ত করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা ও বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

প্রতিবেদক 



















