আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত এ কার্যক্রমে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ১৫০০ থেকে ১৬০০ রোগী সেবা নেন।
সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ক্যান্টনমেন্ট জেনারেল হসপিটালের সৌজন্যে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের কর্নেল মোঃ জাফর আলী চৌধুরী (MPH, MPhil, ADMS) ও ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট মোঃ নেছার উদ্দিনের নেতৃত্বে চিকিৎসক ও সংশ্লিষ্ট সদস্যরা রোগীদের সেবা দেন। প্রশাসনিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিরাজ, এএমসি। তাঁর তত্ত্বাবধানে পুরো কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা দেওয়ার পাশাপাশি ব্যবস্থাপত্র অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। অর্থের অভাবে যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, সেই স্বল্প আয়ের ও অসহায় মানুষেরা এতে বিশেষভাবে উপকৃত হন।
কার্যক্রম চলাকালে বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি জননেতা এনামুল হক শাহীন সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন বিষয় ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। সাধারণ মানুষের জন্য এমন জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ায় তিনি সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরাও মনে করেন, মানুষের পাশে দাঁড়ানোর এমন মানবিক দায়িত্ববোধ সমাজে ইতিবাচক ভূমিকা রাখে।
বিপুলসংখ্যক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়ার এ মহতী উদ্যোগের জন্য শাজাহানপুরবাসী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

প্রতিবেদক 























