শ.ম.গফুর,কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারের লম্বাশিয়া রোডের প্রবেশমুখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আল নূর স্পেশালাইজড হাসপাতাল। হাসপাতালটির শুভ উদ্বোধন উপলক্ষে গরিব ও অসহায় প্রায় ১ সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।পাশাপাশি সব ধরনের পরীক্ষায় ৪০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। হাসপাতালের প্রধান উপদেষ্টা বাদশা মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেছান উল্লাহ সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, উখিয়ার মানুষের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসার সুযোগ সৃষ্টি হলে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূর-দূরান্তে ছুটতে হবে না। আল নূর স্পেশালাইজড হাসপাতাল মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। কুতুপালং এলাকায় নতুন এ হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় মানুষের চিকিৎসাসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে। তবে চিকিৎসার মান, রোগীদের নিরাপত্তা, স্বচ্ছতা ও সেবার আন্তরিকতা নিশ্চিত করতে হবে। সরকারি স্বাস্থ্যবিধি ও নিয়মনীতি মেনে হাসপাতাল পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।হাসপাতালের চেয়ারম্যান সিরাজ কবির বলেন, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার একটি সুন্দর ও সেবাবান্ধব পরিবেশ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। সবার সহযোগিতা ও দোয়া নিয়ে এ পথচলা শুরু করতে চান তাঁরা।হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার বলেন,আমরা অনার্স ও মাস্টার্স শেষ করার পর দক্ষিণ কক্সবাজারে প্রথম বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করি। শুরু থেকেই চিকিৎসাসেবার মান ধরে রাখার চেষ্টা করেছি। বর্তমানে দক্ষিণ কক্সবাজারে অনেক উদ্যোক্তা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাব প্রতিষ্ঠা করছেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আল নূর স্পেশালাইজড হাসপাতালেও ইতোমধ্যে ৬২ জন স্থানীয় শিক্ষিত মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও তাঁদের অন্যতম লক্ষ্য। দক্ষ চিকিৎসক, আন্তরিক সেবাপ্রদান ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করে মানুষের আস্থা অর্জন করতে চান তাঁরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন, স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,কুতুপালং বাজার সমিতির সাধারণ সম্পাদক রুবেল সওদাগর,সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক, স্থানীয় সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রতিবেদক 

























