বিপ্লব সাহা, খুলনা |
খুন সন্ত্রাসীর আলোচনায় ৬৪ জেলার মধ্যে অন্যতম খুলনা।
আইন মন্ত্রীসহ প্রশাসনের কঠোর হস্তক্ষেপেও থামছে না হত্যার মিছিল। একের পর এক খুন, প্রকাশ্যে গুলি, কুপিয়ে হত্যা আর দুর্বৃত্তদের সশস্ত্র তৎপরতায় ক্রমেই বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ ও আতঙ্ক। চলতি বছরের ৮ নভেম্বর পর্যন্ত মাত্র ১০ মাসে খুলনা জেলা ও মহানগরীতে ৭৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এর মধ্যে মহানগরীতে ৩৮টি এবং জেলার নয়টি থানা এলাকায় ৩৯টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে মহানগরীতে এবারই সর্বোচ্চ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশের হিসাবে, চাঁদাবাজি, মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা এবং অপরাধী চক্রের অভ্যন্তরীণ বিরোধ এসব হত্যাকাণ্ডের অন্যতম কারণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা উদ্যোগের কথা জানালেও ধারাবাহিক হত্যাকাণ্ডে নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে জেলা ও মহানগরীতে ৭১টি হত্যাকাণ্ড ঘটে। নভেম্বরের প্রথম সপ্তাহে আরও ছয়টি হত্যার ঘটনা যুক্ত হয়। একই সময়ে জেলা ও মহানগরীতে ৭৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব ঘটনায় আটক করা হয়েছে ১৮৭ জনকে।
সক্রিয় একাধিক অপরাধী গ্রুপ
পুলিশের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, খুলনায় বিভিন্ন নামে সক্রিয় রয়েছে একাধিক অপরাধী গোষ্ঠী। শেখ পলাশের পলাশ গ্রুপ, নূর আজিম গ্রুপ, আশিক বাহিনী, হুমায়ুন কবিরের হুমা বাহিনী, শেখ সাইদুর রহমান ওরফে শাওনের টেংকি শাওন গ্রুপ, আরমান শেখের আরমান গ্রুপ, শাকিল শেখের শাকিল গ্রুপ এবং নাসিম গ্রুপ। এসব গোষ্ঠীর বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের দাবি, নগরীর বিভিন্ন এলাকায় এসব গ্রুপের তৎপরতা রয়েছে। পুরো নগরীতে সন্ত্রাসী বাহিনীর আধিপত্য রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের। নূর আজিম ও আশিক গ্রুপ খুলনা সদর ও লবণচরা এলাকায় সক্রিয়। শাওন গ্রুপের তৎপরতা সোনাডাঙ্গা ও খালিশপুরে। আরমান গ্রুপ ও হুমা বাহিনীর প্রভাব রয়েছে দৌলতপুর ও খানজাহান আলী এলাকায়। নাসিম গ্রুপের প্রধান নাসিমুল গণি গত ৪ অক্টোবর দিঘলিয়ায় গুলিতে নিহত হন।
জেলার মধ্যে হত্যাকাণ্ডে শীর্ষে রূপসা
জেলা পুলিশের পরিসংখ্যানে দেখা গেছে, খুলনার নয়টি থানার মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে রূপসায়। চলতি বছরে এ উপজেলায় ১২টি হত্যার ঘটনা ঘটেছে। এ ছাড়া দিঘলিয়া, পাইকগাছা ও কয়রায় পাঁচটি করে, ডুমুরিয়া ও বটিয়াঘাটায় তিনটি করে, তেরখাদায় দুটি এবং ফুলতলায় একটি হত্যাকাণ্ড ঘটেছে। তবে দাকোপে চলতি বছরে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।
রূপসায় একের পর এক হত্যাকাণ্ড স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গত ২ নভেম্বর আঠারোবেকি নদীর চর থেকে মেহেদী হাসান সোহাগ (৩৫) ও রেজাউল করিম (৩০) নামের দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা এই সব সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন।
এর আগে গত ৫ অক্টোবর নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয় আক্তার ঢালীকে (৬৪)। গত ১৫ আগস্ট একই এলাকায় জয় ঢালীকে (২৭) কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ১১ আগস্ট রূপসা ব্রিকস ইটভাটায় গুলিতে নিহত হন যুবদল কর্মী ফখরুল শেখ (৩২)। ধারাবাহিক এসব হত্যাকাণ্ডে এলাকায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে, গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিন ডুমুরিয়ায় গুলিতে নিহত হন ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৫)। তিনি রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আবদুস সালামের ছেলে। হেলমেট ও মাস্ক পরা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাঁকে গুলি করে হত্যা করে। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মহানগরীতে ৩৮ খুন, রহস্য উদঘাটন ৩২টির
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আওতাধীন এলাকায় চলতি বছরে ৩৮টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে খুলনা সদর থানায় আটটি, লবণচরায় সাতটি, দৌলতপুরে পাঁচটি, আড়ংঘাটায় চারটি, সোনাডাঙ্গা, হরিণটানা ও খালিশপুরে তিনটি করে এবং খানজাহান আলী থানায় দুটি হত্যার ঘটনা ঘটেছে।
কেএমপির হিসাবে, ৩৫টি হত্যাকাণ্ডের মধ্যে ৩২টির রহস্য উদঘাটন হয়েছে।
এর মধ্যে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৩টি এবং পারিবারিক ও ব্যক্তিগত কারণে ১১টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ছাড়া ১৪টি
হত্যায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে।
পুলিশের অভিযান ও কঠোর অবস্থানের ঘোষণা
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, আঠারোবেকি নদী থেকে উদ্ধার হওয়া দুই যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অপরাধে জড়িতদের শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা দল অভিযান চালাচ্ছে।
খুলনা জেলা পুলিশ সুপার ওমর ফারুক বলেন, সন্ত্রাস দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পরিস্থিতির উন্নয়নে বিশেষ অভিযান, টহল জোরদার ও সমন্বিত চেকপোস্ট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মোটরসাইকেল তল্লাশিও বাড়ানো হবে।
কেএমপি পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ শক্ত অবস্থান নিয়েছে। অধিকাংশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। মাদক ও অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
তবে ধারাবাহিক হত্যাকাণ্ড, প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার এবং অপরাধী গোষ্ঠীগুলোর তৎপরতা নগরবাসীর মনে একটাই প্রশ্ন তৈরি করেছে—খুলনায় কবে থামবে খুনের মিছিল, কবে ফিরবে মানুষের স্বস্তি ও নিরাপত্তা? সেই দিনটির জন্য বসে অপেক্ষা করতে হবে কিছু দিন ৷

প্রতিবেদক 























