আমি তো লুকায়া ছিলাম না…

- সর্বশেষ পরিমার্জন: ০১:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৪ বার পঠিত

প্রায় দুই বছর আগে মুক্তি পায় রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’। এ ছবিটি দিয়েই বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। ছবি হিট, প্রথম সিনেমাতেই আলোচনায় আসেন নিশো। এরপর বছর যায়, নিশোর নতুন কাজ দেখার অপেক্ষা আর ফুরায় না। অবশেষে চলতি বছর শিহাব শাহীনের ‘দাগি’ দিয়ে ফিরছেন তিনি। নিশোর কাছে তাই প্রথম প্রশ্নটা তাঁর ‘লাপাত্তা’ থাকা নিয়েই।
‘আমি তো লুকায়া ছিলাম না, সবার সামনেই ছিলাম। সিনেমা নিয়ে আমার নিজস্ব একটা ভাবনা আছে। পরিকল্পনা যা–ই হোক না কেন, নির্দিষ্ট সময়ে আমি আমার দর্শকদের সামনে আসতে চাই। সবকিছুই যে আগে থেকে তাদের জানিয়ে দিতে হবে, আমি সেটা বিশ্বাস করি না।’ স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন নিশো। জানালেন, ‘দাগি’ ছাড়াও তাঁর আরও কাজ চূড়ান্ত হয়েছে। সেটাও জানাবেন ‘সঠিক সময়ে’।নিশো বলছিলেন, ‘আমার কাছে সময়ের কোনো অভাব নেই। ক্যারিয়ার শুরুর ২৩-২৪ বছর পর সিনেমায় নাম লেখালাম। সেখানেও তাড়াহুড়া ছিল না। প্রথম সিনেমা আসার পর পরবর্তী সিনেমা কী হবে, সেটার পরিকল্পনা চলছিল। গল্প আসছে, বাজেট মিলছে তো মিলছে না, আরও অনেক গল্প পড়ছি। সেখান থেকে আমার সেরার সেরাটাই বেছে নেওয়া উচিত। সেই জায়গা থেকে একাধিক সিনেমার মধ্যে এটা একটা “দাগি”। এটা এমন না নিজেকে লুকিয়ে রেখেছিলাম, এটা হলো সঠিক সময়ে সঠিক তথ্যটা দর্শকের কাছে পৌঁছানো। এটা অনেক সময় আমি সেট করি, অনেক সময় টিম সেট করে। এ সিনেমাটি যে করছি সেটা অনেক আগে চূড়ান্ত হয়েছিল।’























