কটিয়াদীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৯২ বার পঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টায় কটিয়াদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পিপুলিয়া ভূইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন,
“মাদক ও জুয়া এ এলাকার তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এর সঙ্গে যুক্ত অপরাধের মাত্রাও বেড়েছে। এখনই কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম বিপদে পড়বে।”
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,
“যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে এলাকাবাসী বাধ্য হয়ে আইন নিজেদের হাতে তুলে নেবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “মাদক ও জুয়া মুক্ত সমাজ চাই”, “মাদক ব্যবসায়ীদের শাস্তি চাই” ইত্যাদি স্লোগান লেখা ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন:
রেজভীয়া হাবিবীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা হাবিবুর রহমান রেজভী
মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলিমুদ্দিন ভূঁইয়া
৯নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আলি হোসেন
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জামাল উদ্দিন, গোলাপ মিয়া, আবুল কালাম, সোহরাব উদ্দিন প্রমুখ।
স্থানীয়রা জানান, কটিয়াদীর গোয়াতলা এলাকাকে ঘিরে মাদক ও জুয়ার আসর দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে, যা গোটা সমাজব্যবস্থাকে ভেঙে পড়ার দিকে ঠেলে দিচ্ছে।
এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মাদক ও জুয়া নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নের আহ্বান জানান।














