প্রতিটি পাম্পে ভোগান্তি চরমে
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ

- সর্বশেষ পরিমার্জন: ০৯:২৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / ২৭ বার পঠিত

মোঃআরমান ইসলাম, যশোর সদর: যশোর জেলাজুড়ে কৃত্রিম জ্বালানি তেল সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। জেলার প্রায় সব উপজেলাতেই একই চিত্র—শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে দুপুর ১২টা থেকে শুরু করে রাত ১১টা-১২টা পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেককে তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন গাড়িচালকরা। তবে এই লাইনের মধ্যেই কিছু অসাধু মোটরসাইকেল চালক নিয়ম না মেনে উল্টো পথে গিয়ে তেল নেওয়ার চেষ্টা করছেন। তারা দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের নির্দেশনাও অমান্য করছেন, যার ফলে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে উঠছে।
এছাড়া অভিযোগ উঠেছে, এক শ্রেণির মোটরসাইকেল চালক বিভিন্ন ফিলিং স্টেশন থেকে বারবার তেল নিয়ে বাসা ও দোকানে মজুদ করছেন। এর ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং সাধারণ ভোক্তাদের দুর্ভোগ বেড়েই চলেছে।
এদিকে বাজারে প্লাস্টিকের ড্রাম ও ড্রামজাত পাত্রের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অনেককেই এসব পাত্র কিনতে দেখা যাচ্ছে, যা তেল মজুদের প্রবণতাকে আরও স্পষ্ট করে তুলছে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চাকরিজীবী ও নিয়মিত মোটরসাইকেল চালকরা। তারা বলছেন, তেল না পেলে কর্মস্থলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ছে। প্রতিদিন কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে অনেকে হতাশ হয়ে পড়ছেন। জীবিকার তাগিদে চলাচল করাই এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সচেতন মহল মনে করছে, দ্রুত প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এই কৃত্রিম সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে। পাশাপাশি সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত হয়ে তেল মজুদ না করার আহ্বান জানানো হয়েছে, যাতে পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়।


















