কালিয়াকৈরে বিআরডিবির নির্বাচনের ফলাফল ঘোষণা, সভাপতি মোফাজ্জল

- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৩৪ বার পঠিত

বাপ্পি খৃষ্টদাস, কালিয়াকৈর (গাজীপুর):
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ) এর নির্বাচনের ফলাফল ঘোষণা ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টায় কালিয়াকৈর উপজেলা হলরুমে ফলাফল ঘোষণা ও সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লা, সমবায় কর্মকর্তা সাবিরা খান এবং যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ২৬ মে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৮টি পদের বিপরীতে ১২টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০) অনুযায়ী ৭ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচিতরা হলেন:
সভাপতি: মো. মোফাজ্জল হোসেন (টান সূত্রাপুর জাগরণ কৃষক সমবায় সমিতি লিমিটেড)
সহসভাপতি: মো. সফিকুল ইসলাম (মাছ প্রতীক)
সদস্য: মো. আ. করিম (নামাশুলাই কৃষক সমবায় সমিতি লিঃ)
মো. আরিফুল ইসলাম (বাঁশতলী দক্ষিণ কৃষক সমবায় সমিতি লিঃ)
মো. নাজমুল হক (কামারিয়া কৃষক সমবায় সমিতি লিঃ)
ফরিদা আক্তার (লতিফপুর পশ্চিম মহিলা সমবায় সমিতি লিঃ)
নবনির্বাচিত সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, “বিগত কমিটি বিআরডিবিকে কার্যত কুক্ষিগত করেছিল। কৃষকদের জন্য কোনো কার্যকর উদ্যোগ ছিল না। আমি একজন কৃষক পরিবারের সন্তান হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবো।”
উল্লেখ্য, মোফাজ্জল হোসেন একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিল উপজেলা ইউসিসিএ ব্যবস্থাপনা কমিটি।














