চকবাজারে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৬০ বার পঠিত

ঢাকার চকবাজারে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (১২ জুলাই) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জবি ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকা থেকে মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস ঘুরে রায়সাহেব বাজার মোড় হয়ে একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্যে একজন সাধারণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা শুধু অমানবিকই নয়, বরং দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির উদাহরণ। এই ধরনের ঘটনা জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে।
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, “চকবাজারে একজন নিরীহ ব্যবসায়ীকে যেভাবে হত্যা করা হয়েছে, তা দেশের বিচারহীনতার করুণ প্রতিফলন। অপরাধীরা রাষ্ট্রের প্রশ্রয়ে আজ বেপরোয়া হয়ে উঠেছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “এটি কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না—সে শুধুই অপরাধী। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের বর্বরতা থামবে না।”
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “জনগণের নিরাপত্তা রক্ষা করতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীরা এই সাহস পাচ্ছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
সমাবেশ থেকে ছাত্রদল নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবে জাতীয়তাবাদী ছাত্রদল।














