“নজরুল বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ও স্বচ্ছ ছাত্র সংসদ গঠনের জোরালো দাবি শিক্ষার্থীদের”

- সর্বশেষ পরিমার্জন: ০৭:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ৭৬ বার পঠিত

বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, এটি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের মূল মঞ্চ। ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মত প্রকাশ করতে পারে, প্রশাসনের সঙ্গে সরাসরি সংলাপে যুক্ত হয়ে তাদের ন্যায্য দাবি ও সমস্যা তুলে ধরার সুযোগ পায়। স্বৈরাচারী সরকারের পতনের পর প্রায় সব বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও এর ব্যতিক্রম নয়।
তবে কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই দলীয় রাজনীতির প্রভাব শিক্ষার্থীদের মাঝে বিভাজনের সৃষ্টি করেছে, যা নৈতিকতা চর্চা ও গণতান্ত্রিক চেতনা ক্ষুণ্ণ করেছে। তাই শিক্ষার্থীরা দলনিরপেক্ষ, স্বচ্ছ ও সক্রিয় ছাত্র সংসদ গঠনের দাবি জানাচ্ছেন, যা ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার উন্নয়ন ঘটাবে। দ্রুত ছাত্র সংসদ গঠন ও নির্বাচন নিয়ে কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোমিন ইসলাম।
,
“দলীয় রাজনীতি শিক্ষার্থীদের ব্যক্তিগত ও সামষ্টিক উন্নয়নে কোনো দীর্ঘস্থায়ী সহায়তা দেয় না বরং বিভ্রান্ত ও ব্যবহৃত করে। ছাত্র সংসদ হলে শিক্ষার্থীরা সরাসরি প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্ব বিকাশ, মতপ্রকাশের স্বাধীনতা ও জবাবদিহির পরিবেশ নিশ্চিত করতে পারবে।”
মোঃ তকিব হাসান
ফোকলোর বিভাগ
“ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে শুরু করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি হিসেবে কাজ করেছে। পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলায় ছাত্র সংসদের ভূমিকা অপরিসীম।”
জান্নাতুল ফেরদৌস লামইয়া
নৃবিজ্ঞান বিভাগ
“গত দেড় দশকে বিভিন্ন ছাত্রসংগঠন, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদলসহ অন্যরা নির্যাতনের শিকার হয়েছে। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস রেখে চাই ক্যাম্পাসে স্বচ্ছ প্রক্রিয়ায় ছাত্র সংসদ নির্বাচন হোক।”
হিমেল আহমেদ
ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ
“জুলাই আন্দোলন প্রমাণ করেছে দলীয় রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বড় বাধা। তাই এখন সময় এসেছে কার্যকর ও গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠনের।”
মোহাম্মদ সালেহীন
আইন ও বিচার বিভাগ
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মনে করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বতন্ত্র ছাত্র সংসদ গঠন শিক্ষার্থীদের বৃহৎ স্বার্থ রক্ষা করবে এবং ক্যাম্পাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এটি কেবল শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করবে না, বরং ক্যাম্পাসে স্বাস্থ্যকর পরিবেশ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রাখবে। এই ছাত্র সংসদ শুধুমাত্র নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই নয়, সমগ্র দেশের শিক্ষক-শিক্ষার্থী ও জনতার জন্য এক নতুন আশার আলোকবর্তিকা হিসাবে কাজ করবে।














