প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নীলফামারী সরকারি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

- সর্বশেষ পরিমার্জন: ১২:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৪ বার পঠিত

দেশব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নীলফামারী সরকারি
কলেজ ছাত্রদলের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে কলেজ চত্বরে
বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ এ.কে.এম সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোছাব্বের হোসেন সরকার, একই বিভাগের প্রভাষক সোলেমান আলী এবং কলেজের শরীরচর্চা শিক্ষক মো. ফারুক খান। ছাত্রনেতাদের মধ্যে
উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পায়েলুজ্জামান রক্সি,
সদস্য সচিব মাসুদ রানা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ এ.কে.এম সিদ্দিকুর রহমান ছাত্রদলের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছাত্ররা যখন পড়াশোনার পাশাপাশি পরিবেশের সুরক্ষায় এগিয়ে আসে, তখন তা সমাজের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনে। আমি আশা করি, শুধু চারা রোপণ নয়, এগুলোকে বড় করে তোলার দায়িত্বও ছাত্ররা যথাযথভাবে পালন করবে। শিক্ষা প্রতিষ্ঠানে এমন পরিবেশবান্ধব কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম তার বক্তব্যে বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা
আজ সারা দেশে সবুজ বিপ্লবের ডাক দিয়েছি। নীলফামারীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লায় আমরা এই কর্মসূচি ছড়িয়ে
দিতে চাই। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি এবং তা
অব্যাহত থাকবে।কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পায়েলুজ্জামান রক্সি বলেন, ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা
ফলজ ও বনজ চারা রোপণ করেছি। সাধারণ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। তারেক রহমানের
প্রতিটি নির্দেশনা বাস্তবায়ন করতে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করবে।
বৃক্ষরোপণ শেষে নেতৃবৃন্দ রোপণকৃত চারাগুলোর নিয়মিত পরিচর্যার শপথ নেন এবং কলেজের সাধারণ শিক্ষার্থীদেরও পরিবেশ রক্ষায়
এগিয়ে আসার আহ্বান জানান। চারা রোপণকালে কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















