
মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি): নলছিটি (ঝালকাঠি), ২৪ অক্টোবর ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামী নলছিটি পৌরসভা শাখার উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৮টায় নলছিটি মডেল মসজিদের সেমিনার কক্ষে কর্মী শিক্ষা শিবির–২০২৬ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ শিক্ষা শিবিরে কুরআনের দারস, ঈমানি ও সাংগঠনিক বিষয়ভিত্তিক আলোচনা, ইসলামী সংগীত, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর মেয়র, কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীদের পরিচিতি তুলে ধরা হয়। এ সময় শেখ নেয়ামুল করীম বলেন, পরিচয় করিয়ে দেওয়া প্রার্থীরা নির্বাচিত হলে নিজ নিজ এলাকায় সততা, যোগ্যতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তাঁরা প্রত্যাশা করেন। সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করার মাধ্যমে এলাকার উন্নয়ন ও অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ইনসাফভিত্তিক সমাজ গড়তে প্রত্যেককে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে এবং অন্যদের ভালো কাজে উৎসাহিত করতে হবে। একটি সুন্দর সমাজ গঠনে একক প্রচেষ্টার পাশাপাশি সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ ও অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন নলছিটি পৌরসভার ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট আল আমিন হোসেন। দারসুল কুরআন পরিচালনা করেন মাওলানা সানাউল্লাহ আল হাফিজ সালমান। ‘মজবুত ঈমান’ বিষয়ে আলোচনা করেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই এবং ‘কর্মীদের বৈশিষ্ট্য’ বিষয়ে আলোচনা করেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বি. এম. আমিনুল ইসলাম। ‘যে অতীত প্রেরণা যোগায়’ শীর্ষক আলোচনা করেন শেখ নেয়ামুল করীম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কামরুজ্জামান মান্না, এফ এম নজরুল ও মাওলানা জাকির হোসেন খান। কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর পর সমাপনী বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত আমীর সৈয়দ এম. এ. সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নলছিটি পৌরসভার সেক্রেটারি মাওলানা আবু ত্বোহা। দুপুর ১টায় মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি) 













