ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
আচরণবিধি ভেঙে মিছিল–শোডাউন
বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার আইয়ুবকে নির্বাচন কমিশনের শোকজ

জেমস আব্দুর রহিম রানা, যশোর:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ৩২ বার পঠিত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবকে শোকজ করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্ধারিত সময়ের আগে অনুমোদনহীন মিছিল ও শোডাউন করার ঘটনাকে কেন্দ্র করে এ শোকজ নোটিশ জারি করা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ভুপালী সরকার তার স্বাক্ষরিত শোকজ নোটিশে প্রার্থীকে আগামী দুই দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন। ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়। রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম সৌদি এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে নেতাকর্মীরা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং সংক্ষিপ্ত পথসভা করেন। এ সময় ধানের শীষ প্রতীক ও বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যা এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। জানা গেছে, ওই ভিডিওটি বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব নিজেও তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। এরপর স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিত্তিতে সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হলেও অভিযান শুরুর আগেই কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন। পরবর্তীতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নির্দেশনায় সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে শোকজ নোটিশ জারি করা হয়।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত তফসিল অনুযায়ী রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুসারে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী তিন সপ্তাহের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালনা করা নিষিদ্ধ। অথচ ১৫ ডিসেম্বর বিকেলে অনুমোদন ছাড়া বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে নির্বাচনী উদ্দেশ্যে মিছিল ও শোডাউন করা হয়েছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে আরও বলা হয়, যেহেতু ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব যশোর-৪ আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী, সেহেতু তার বিরুদ্ধে বিধি অনুযায়ী কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ভুপালী সরকার বলেন, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে অভিযান পরিচালনার উদ্যোগ নিই। যদিও প্রার্থী নিজে সেখানে উপস্থিত ছিলেন না, তবে তার পক্ষে নেতাকর্মীরা শোডাউন করেছেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আওতাভুক্ত। শোকজের জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে শোকজ প্রসঙ্গে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব জানান, মঙ্গলবারই তিনি নির্বাচন কমিশনে লিখিত জবাব জমা দিয়েছেন। তিনি বলেন, ‘হাটবারের দিনে কিছু নেতাকর্মী অজ্ঞতাবশত মিছিল করেছেন। এতে আমার সরাসরি কোনো নির্দেশনা ছিল না। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আবেদন জানানো হয়েছে। এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।’
স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা চলছে। নির্বাচন কমিশনের কঠোর অবস্থান নির্বাচনী মাঠে আচরণবিধি প্রতিপালনের বিষয়টি আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে প্রার্থীদের জন্য এটি একটি সতর্কবার্তা হিসেবেও দেখা হচ্ছে, যাতে আগাম প্রচারণা ও অনুমোদনহীন কর্মসূচি থেকে সবাই বিরত থাকে।
আরও পড়ুন:














