ময়মনসিংহে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ১১৪ বার পঠিত

এস. এম. আকাশ, ময়মনসিংহ প্রতিনিধি:
নিয়োগবিধি সংশোধন, টেকনিক্যাল পদমর্যাদা, উচ্চতর গ্রেডসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহের স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা স্বাস্থ্য সহকারীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন-এর কেন্দ্রীয় সমন্বয়ক নাসির উদ্দিন ভূঁইয়া, বিভাগের আহ্বায়ক এ কে এম শফিউল আজম, জেলা শাখার সভাপতি আফজাল হোসাইন, সাধারণ সম্পাদক মো. আলমগীর, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,
“করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে দেশের এক কোটি মানুষকে একদিনে টিকা দিয়ে আমরা অনন্য নজির স্থাপন করেছি। তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিন-রাত পরিশ্রম করেছি। তবুও বছরের পর বছর ধরে পদোন্নতি, গ্রেড ও পদমর্যাদা নিশ্চিত না হওয়ায় আমরা বঞ্চিত থেকে যাচ্ছি। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।”
নেতৃবৃন্দ আরও বলেন, সরকার যদি দ্রুত তাদের ৬ দফা দাবি বাস্তবায়ন না করে, তবে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান,
“স্বাস্থ্য সহকারীদের দাবিগুলো সম্পর্কে আমরা অবগত রয়েছি। তবে এসব দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায়ের। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে।”
দাবিগুলোর সংক্ষিপ্তসার:
১. নিয়োগবিধি সংশোধন
২. টেকনিক্যাল পদমর্যাদা
৩. উচ্চতর গ্রেড প্রদান
৪. পদোন্নতির সুযোগ
৫. উপযুক্ত বেতন কাঠামো
৬. স্বাস্থ্য অধিদপ্তরে পৃথক শাখা স্থাপন














