
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাঁচ বছর মেয়াদি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা বিতরণ ও রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ উপলক্ষে রোববার (২৫ অক্টোবর) বিকেলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন আখন্দ।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ-বিন-মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়া, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু জাফর। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানরা সভায় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. বায়েজীদ-বিন আখন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবুজে ঘেরা পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে সচেতন হতে হবে।
তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় আগামী ২৭ অক্টোবর সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৫ হাজার বৃক্ষচারা বিতরণ ও রোপণ করা হবে। জাতীয় এ বৃক্ষরোপণ কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

নাগরিক ডেস্ক রিপোর্ট 











