নাঈম ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাধীন লোহাজুরিতে শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের অগ্রগতি তুলে ধরে প্রেস ব্রিফিং করেছেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম।
বুধবার (৮জুলাই) বেলা ১২টায় থানা কার্যালয়ে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে । ইতোমধ্যে এ ঘটনায় জড়িত বাবুল মিয়া (৩৫) নামে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও অনান্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে আইনের বাইরে রাখা হবে না। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু কাওকে হয়রানি করার জন্য পূর্ব শত্রুতার জেরে কোন নিরপরাধ ব্যক্তিকে এজহারে আনা যাবে না। জনগণকে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওসি বলেন, ভুক্তভোগী পরিবারকে হুমকি ধামকি দেওয়ার বিষয়ে কোন রকম অভিযোগ পায়নি। অভিযোগ পেলে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 


















