শিক্ষার্থীদের নিরাপদ প্রত্যাবর্তন: ৭ বিভাগে যাবে জবির বাস

- সর্বশেষ পরিমার্জন: ১০:৫৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ২৯ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল শিক্ষার্থীকে নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে আগামীকাল সকাল থেকে বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে জবির বাস ছেড়ে যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন জবি পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক। তিনি জানান, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগমুখী একাধিক বাসের ব্যবস্থা করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে ভূমিকম্প আতঙ্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী বৃহস্পতিবার পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে। পাশাপাশি ক্যাম্পাসের ভবনগুলোর স্থিতিশীলতা যাচাই করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জকসুর ভিপি প্রার্থী ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব এবং ছাত্রশিবির সভাপতি রিয়াজুল ইসলাম পৃথক ভিডিও বার্তায় বাস সার্ভিস চালুর দাবি তুলেছিলেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “২৭ নভেম্বর পর্যন্ত সমস্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে যেসব বিভাগের ভাইভা পরীক্ষা চলছে, তারা সমন্বিতভাবে বিভাগে আবেদন করলে বিভাগীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, “বিশেষজ্ঞ দল ৪ ডিসেম্বরের মধ্যে ভবনগুলোর পরিদর্শন রিপোর্ট দেবে। এরপরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর মধ্যে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়া হবে।”
জকসুর কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, “জকসুর কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। পাশাপাশি প্রার্থীদের মতামত জানতে আগামীকাল নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈঠকে বসবে।”














