
আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুরে পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানকালে একজন কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সার্বিক তত্ত্বাবধানে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটে উপজেলার গোহাইল পশ্চিমপাড়া এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। এসআই হযরত আলীর নেতৃত্বে গোহাইল পশ্চিমপাড়া জামে মসজিদের দক্ষিণ পাশের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ ফারুক হোসেন (৪০) ও শাহাদত হোসেন (৩৪) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ফারুক গোহাইল পশ্চিমপাড়ার মৃত খোরশেদ আলমের ছেলে এবং শাহাদত নওদাপাড়ার মোকেছেদ হোসেনের ছেলে। এই ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা (নং-৮) করা হয়েছে।
এর আগে একই দিন রাত সাড়ে ৮টায় উপজেলার খরনা বাঁশগাড়ী পূর্বপাড়া গ্রামে এসআই আবু সাঈদের নেতৃত্বে অপর একটি অভিযান চালানো হয়। সেখানে ৭০ পিস ট্যাপেন্টাডল ও ৩৮ পিস ইয়াবাসহ রুজি আক্তার (২৯) নামে এক নারীকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। রুজি আক্তার ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী। তবে অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রুজির স্বামী মিজানুর রহমান (৩৫) পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে। এ ঘটনায় রোববার (৬ সেপ্টেম্বর) থানায় সংশ্লিষ্ট আইনে পৃথক আরও একটি মামলা (নং-১০) রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার এসআই আবু জাররা জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া) 


















