
নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
ফল পুনর্নিরীক্ষণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে জিপিএ-৫ পেয়েছেন অদম্য মেধাবী শিক্ষার্থী রিয়াদ ইসলাম।
রিয়াদ ইসলাম কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা লোহাজুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ হতে এ বছরের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পরীক্ষার ফল প্রকাশের পর কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় তিনি ভেঙে না পড়ে নিজের ওপর আত্মবিশ্বাস রেখে পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন। শেষ পর্যন্ত সেই আত্মবিশ্বাস ও পরিশ্রমের প্রতিফলন ঘটেছে তাঁর এই অর্জনে।
প্রাথমিক ফলাফল প্রকাশের দিন মাত্র কয়েক নম্বরের জন্য জিপিএ-৫ হাতছাড়া হয়েছিল রিয়াদের। তবে পরীক্ষার প্রতিটি বিষয়ে নিজের প্রস্তুতির প্রতি তাঁর পূর্ণ আস্থা ছিল। কোথাও যে কোনো ভুল হয়েছে, তা নিয়ে নিশ্চিত ছিলেন তিনি। সেই দৃঢ় বিশ্বাস থেকেই খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেন। সম্প্রতি প্রকাশিত পুনর্মূল্যায়নের জিপিএ-৪.৮৯ থেকে নম্বর বেড়ে তিনি অর্জন করেছেন কাঙ্ক্ষিত জিপিএ-৫ (এ প্লাস)।
রিয়াদ ইসলাম তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “নিজের ওপর আমার পূর্ণ আস্থা ছিল। ফলাফলে কিছুটা বিভ্রাট হলেও আমি জানতাম আমার পরিশ্রম বৃথা যাবে না। এই ফল আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।”
রিয়াদের এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার ও শিক্ষকরা। তাঁরা জানান, রিয়াদের এই অর্জন প্রমাণ করে যে নিজের প্রতি বিশ্বাস এবং সঠিক পদক্ষেপ নিলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। তাঁর এই অদম্য মানসিকতা অন্য শিক্ষার্থীদের জন্যও প্রেরণা হয়ে থাকবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 





















