অপহরণের ৫ ঘণ্টার মধ্যেই শিশু উদ্ধার করল পুলিশ

- সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ৭৬ বার পঠিত

নরসিংদীর মাধবদীতে তানিশা নামে চার বছর বয়সী এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগের পাঁচ ঘণ্টার ব্যবধানে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার মাধবদী থানায় দায়ের হওয়ার পর পুলিশ অভিযান চালায় ও শিশুকে উদ্ধার করা হয় । বিষয়টি শনিবার রাতে নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।নরসিংদী জেলার মাধবদী থানাধীন কাঠালিয়া এলাকার অপহরণ হওয়া শিশু তানিশা তাসনিম (৪) কাউছার মিয়ার মেয়ে।
পুলিশ সূএে জানা যায়, , তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে একই দিন সাড়ে ৭ টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার উত্তর আজীবপুর থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার সকাল ১০ টার দিকে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। দুপুর ২ টার দিকে শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পরে ৫ ঘন্টার পর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ মোঃ আফছার (২৮) ও ফাতেমা ওরফে ফারজানা (২২) নামের দুইজনকে গ্রেপ্তার করে । অভিযুক্তরা দুজনেই চাঁদপুর জেলার কচুয়া থানাধীন পূর্ব কালুচো এলাকার বাসিন্দা। তাদের হেফাজত থেকে মুক্তিপণ দাবির কাজে ব্যবহৃত একটি লাল-কালো রঙের বাটন মোবাইল জব্দ করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গনমাধ্যমকে বলেন, মামলা দায়ের করার ৫ ঘন্টার মধ্যে আমরা মেয়েটিকে অক্ষত অবস্থা উদ্ধার করতে সক্ষম হয়েছি।


















