
রাজ্জাক বিশ্বাস, কুষ্টিয়া :
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নূরজাহান বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার নলকোলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইবি থানার একটি সন্ত্রাসবিরোধী মামলায় (নম্বর-১৭, ১৬ সেপ্টেম্বর ২০২৬) তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। জামিনে মুক্তি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাকে জেলহাজতে রাখার আবেদন করা হয়।
নূরজাহানের পরিবার জানায়, সম্প্রতি তাদের বাড়ি ও গুদামে অগ্নিসংযোগের ঘটনায় গত ২১ সেপ্টেম্বর নূরজাহান বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। এরপর থেকেই স্থানীয় প্রভাবশালীরা মামলাটি তুলে নিতে চাপ দিচ্ছিলেন। ওই মামলা করার জের ধরেই পুলিশ তাকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে মিথ্যা সন্ত্রাসবিরোধী মামলায় ফাঁসিয়েছে। ইবি থানার ওসির বক্তব্য জানতে চাইলে তিনি এ বিষয়ে পরে খোঁজ নিয়ে জানাবেন বলে জানান।

নাগরিক ডেস্ক রিপোর্ট 










