
সৈয়দ মুনিরুল হক নোবেল: জামালপুর সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে বিতরণ নিশ্চিত করার লক্ষ্যে ট্যাগ অফিসার, ডিলার, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে এবং জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ
সভায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং বিতরণ কার্যক্রমে বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, প্রকৃত উপকারভোগীদের কাছে নির্ধারিত পরিমাণ চাল পৌঁছে দেওয়া এবং বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম ও হয়রানি যাতে না ঘটে, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় ট্যাগ অফিসার ও ডিলারদের দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন এবং উপকারভোগীদের স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ছাড়াও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আয়মন বিনতে ফেরদৌস, সিংহজানী খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা ইসরাত আহমেদ এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারগণ উপস্থিত ছিলেন।

সৈয়দ মুনিরুল হক নোবেল 














