গাজীপুরে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর সঙ্গে দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণ

- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৪ বার পঠিত

হানিফ ঢালী, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের কুনিয়া তারগাছ এলাকায় অবস্থিত জমিলা জেনারেল হাসপাতালে রোগী ও স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে হাসপাতালটির মালিক ও চিকিৎসক ডাঃ আফরোজা আক্তার ডলির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ইতোমধ্যে গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোগী লামিয়া শারমিন তানহা তার মা কামরুল নাহার মুন্নী ও বাবা রাজু আহম্মেদ শাহিনকে সঙ্গে নিয়ে গাইনী চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান। এ সময় রোগীর স্বামী আশিকুর রহমান ইমনও উপস্থিত ছিলেন। কিন্তু চিকিৎসা নেওয়ার পরিবর্তে তারা চিকিৎসকের কাছ থেকে অপ্রত্যাশিত ও অশোভন আচরণের শিকার হন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
রোগীর পরিবারের দাবি, চিকিৎসক তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং উত্তেজিত হয়ে টেবিলে থাকা বিভিন্ন জিনিসপত্র রোগীদের দিকে ছুড়ে মারেন। এমনকি একটি পেপার ওয়েট ছুড়ে মারার ফলে রোগী আহত হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার ও উপস্থিত রোগীরা চিকিৎসকের এমন আচরণকে অমানবিক ও অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন। তাদের দাবি, একজন চিকিৎসকের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আরও বলেন, চিকিৎসা পেশা একটি মহৎ ও সম্মানজনক পেশা, যেখানে রোগীর প্রতি সহানুভূতিশীল ও ভদ্র আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঘটনার সময় উপস্থিত রোগীরা মনে করেন, চিকিৎসকের এমন আচরণ দেখে তিনি মানসিকভাবে অসুস্থ হতে পারেন বলেও সন্দেহ তৈরি হয়েছে। তাদের মতে, এমন আচরণে একজন রোগীর পক্ষে সঠিক চিকিৎসা গ্রহণ সম্ভব নয়।
এছাড়া অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গেও ওই চিকিৎসক অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে এতে করে স্থানীয়ভাবে আরও সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় রোগী ও স্বজনরা দ্রুত চিকিৎসকের জবাবদিহিতা নিশ্চিত করা এবং তার আচরণ ও মানসিক অবস্থার যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন। একইসাথে স্থানীয় বাসিন্দারাও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এদিকে ভুক্তভোগী পরিবার গাছা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় চিকিৎসা সেবার মান, রোগীর নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে হাসপাতাল পর্যায়ে কঠোর নজরদারি ও পেশাগত নীতিমালা কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরী।



















