মোঃ নাজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি
জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত

- সর্বশেষ পরিমার্জন: ০৩:১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৭৩ বার পঠিত

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ভর্তি পরীক্ষা চলাকালে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ মাভাবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
এ বছর ‘বি’ ইউনিটে মোট ৭২ হাজার ৬২ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে মাভাবিপ্রবি কেন্দ্রে ১ হাজার ৮১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (CRC)’ এবং ‘রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী, টাঙ্গাইল’ সক্রিয়ভাবে সহযোগিতা করে। পরীক্ষার্থীদের সহায়তায় ক্যাম্পাসজুড়ে বিনামূল্যে সুপেয় পানি বিতরণ করা হয়।
এর আগে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয় এবং ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল। আগামী ৯ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, যেখানে সর্বমোট আবেদনকারীর সংখ্যা ১,৪২,৭১৪ জন। এর মধ্যে মাভাবিপ্রবি কেন্দ্রে ‘এ’ ইউনিটে আবেদন করেছে ৭,৩০৭ জন শিক্ষার্থী।
পরিদর্শনের সময় অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ সাংবাদিকদের জানান, “দেশের জিএসটি গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সম্মানিত ভাইস-চ্যান্সেলরদের তত্ত্বাবধানে ‘সি’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ৯ মে ‘এ’ ইউনিটের পরীক্ষাও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করছি।”
তিনি আরও জানান, “ভর্তি পরীক্ষা চলাকালে দেশের কোনো কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”





















