টহলগাড়ীর শব্দ শুনে গরু রেখে পালাল চোর

- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ১০৫ বার পঠিত

বগুড়ার আদমদীঘিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য থানা পুলিশের রাত্রীকালীন টহল টিমের পাশাপাশি ওসি নিজেও রাতভর ছুঁটে চলেন একপ্রান্ত থেকে অন্য প্রান্তে। তার অক্লান্ত পরিশ্রমের কারনে আতঙ্কে থাকেন দুষ্কৃতিকারীরা। ফলে দিন দিন কমছে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা। বুধবার দিবাগত রাত ১২টার দিকে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান প্রতিদিনের মতো উপজেলার ছাতিয়ানগ্রামে টহল দেওয়ার সময় তাঁর গাড়ীর শব্দ শুনতে পেয়ে চোরাই দুইটি গরু রেখে পালিয়ে যায় চোরের দল।
ছাতিয়ানগ্রামের মৎস্য চাষী হাসিবুল ইসলাম শাকিল বলেন, ‘ওসি স্যার তাঁর গাড়ি নিয়ে প্রায় রাতেই আমাদের ছাতিয়ানগ্রামে টহল দেন। অন্য কোন ওসিকে এভাবে রাতে টহল দিতে দেখিনি আগে। তাঁর এই টহল দেওয়ার জন্য এই এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদক সেবন কমেছে। গতরাতে পুকুরে খাবার দিতে যাওয়ার সময় তার সাথে আমার দেখা হয়। এর কিছুক্ষণ পর তিনি ছাতিয়ানগ্রাম হঠাৎপাড়ার লাল মিয়ার স্ত্রী মনোয়ারা বেগমের দুইটি গরু উদ্ধার করেন।’
গরু ফিরে পেয়ে মনোয়ারা বেগম ওসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘গতকাল আমরা রাতের খাবার খেয়ে ঘুমোতে যাই। এই সুযোগে বাড়ির গোয়াল থেকে দুইটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলো চোরের দল। এরপর গরুগুলো নিয়ে ছাতিয়ানগ্রাম-তিলকপুর পাকা সড়কে আসার পর ওসি স্যারের টহল গাড়ির শব্দ (সাইরেন ) শুনে তারা গরুগুলো রেখেই পালিয়ে যায়। চুরি যাওয়ার কয়েক মিনিটের ব্যবধানে গরুগুলো উদ্ধার করে দেওয়ায় থানা পুলিশের প্রতি আমরা কৃতজ্ঞ।’
এব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত্রীকালিন টহল অব্যাহত রয়েছে। রাত্রীকালীন টিমের পাশাপাশি আমি নিজেও প্রায় প্রতিদিন রাতে থানা এলাকার কোথাও না কোথাও টহল দিই। সেই ধারাবাহিকতায় ছাতিয়ানগ্রামে টহল দেওয়ার সময় দুইটি গরু উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে এসময় গাড়ীর শব্দ শুনে চোরের দল পালিয়ে যায়।
N.v.s.s


















