
পিরোজপুর অফিস::
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতৃবৃন্দ। শনিবার (১৭ অক্টোবর) সকালে পিরোজপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সংগঠনটির পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। জেলা শাখার আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্রর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ইঞ্জিনিয়ার মো. জুয়েল খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জাতীয়তাবাদী আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরে সংগঠনকে শক্তিশালী করতে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম চালানো হচ্ছে। দেশের যেকোনো সংকটে মুক্তিযুদ্ধের সন্তান ও দেশপ্রেমিক তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সভায় বিশেষ বক্তা ছিলেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ শহীদুল হক চান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. সালাম বাতেন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুল আলম (পাশা)। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য গোলাম মুক্তাদির মুরাদ, খুলনা জেলা সাধারণ সম্পাদক এইচ এম খলিলুর রহমান, বরিশাল মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমানুজ্জামান খান এবং বরিশাল জেলা যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভুট্টোসহ স্থানীয় নেতাকর্মীরা। সভায় বক্তারা জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে বরিশালে অনুষ্ঠেয় বিভাগীয় সমাবেশ সফল করতে পিরোজপুরের বিভিন্ন উপজেলায় কর্মিসভা করে নতুন নেতৃত্ব ও প্রস্তাবিত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 












