
ইকবাল হাসান,নড়াইল প্রতিনিধি ।।
নড়াইল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ” গণমাধ্যমে অপপ্রচার ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য ” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে নড়াইল সার্কিট হাউস হল রুমে এ কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ আবদুল ছালাম।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব মোঃ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু।
নড়াইল জেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে এ কর্মশালায় জেলার ৫০জন সাংবাদিক অংশগ্রহন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসার মোঃ রুস্তম আলী।
বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব মোঃ আব্দুস সবুর বলেন, বর্তমান সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া সংবাদ সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এই অপপ্রচার রোধ করতে হবে। সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই, প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি মেনে চলা এবং হলুদ সাংবাদিকতা পরিহার করার আহ্বান জানান তারা।
সাংবাদিকতা পেশার আইন-কানুন বা নিয়ম সম্পর্কে অবগত করতে বা সচেতন করতে আমরা চেষ্টা করছি।
কর্মশালা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

নাগরিক ডেস্ক রিপোর্ট 










