বদর দিবস উপলক্ষে পিরোজপুরে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

- সর্বশেষ পরিমার্জন: ১১:২৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ৪১ বার পঠিত

পিরোজপুর অফিস:: ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার আয়োজনে ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে। কিন্তু স্বাধীনতার পর থেকে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল তারা জনগণকে হতাশ করেছে। তিনি বলেন, মানবরচিত মতবাদ দিয়ে দেশের প্রত্যাশা পূরণ সম্ভব নয়, এজন্য স্বাধীনতাকামী ও মুক্তিকামী মানুষকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, ঐতিহাসিক বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, আর প্রতিপক্ষ ছিল প্রায় এক হাজার। তবুও আল্লাহর ওপর ভরসা করে মুসলমানরা বিজয় অর্জন করেছিল। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে আল্লাহর ওপর আস্থা রেখে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আলী হোসেন, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।






















