
রাজু আহমেদ, রাজবাড়ী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বারবার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন সরদার। সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে তিনি ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে ৫,০০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান জাকির হোসেন সরদার বলেন, “আমাদের ইউনিয়ন সকল ধর্মের মানুষের সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আগামীতে আপনারা যদি আমাকে আবারও প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে ইউনিয়নের চলমান সকল উন্নয়নমূলক কাজকে আরও বেগবান করব।”
তিনি আরও প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “ভবিষ্যতে ব্যক্তিগত তহবিল থেকে এলাকার মন্দিরগুলোর ভৌত অবকাঠামো উন্নয়ন এবং মন্দিরমুখী গ্রামীণ রাস্তাঘাট সংস্কার ও নতুন পাকা রাস্তা নির্মাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।”
পরিদর্শনকালে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্দির কমিটির নেতৃবৃন্দ চেয়ারম্যান জাকির হোসেন সরদারের এই আর্থিক সহায়তা ও ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 











