
এম.জে.এ মামুন:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক সেবনের অভিযোগে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে দুজন জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামি এবং অপর নয়জন মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য আটক হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি এম এ মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. মামুন (৪২)কে গ্রেপ্তার করে। তিনি মাধবপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে।
অপর একটি অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাছির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ডগ্রাপাড়া গ্রামে অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. হক আলী রাসেল (৪২)কে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মৃত আলী আজমের ছেলে।
এদিকে, এসআই মো. শামীম হোসেন, এসআই রুপম কুমার সরকার, এএসআই মোহাম্মদ শরীফুল ইসলাম, এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই মো. ইমরান হোসেনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অপরাধে নয়জনকে আটক করা হয়।
সামারি ট্রায়ালের জন্য আটক ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগরের মো. আবুল কালাম আজাদ (৩৫), সাহেবাবাদের মো. সজিব (১৯), টাটেরার সিয়াম সরকার (১৯), ব্রাহ্মণপাড়া সদরের মো. কাইমুল ইসলাম ফাহিম (১৯), দধিখোলার মো. কাজল মিয়া (৩৮), নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ধলদা এলাকার মো. পলাশ (৩৪), ভৈরবদীর মো. আবু বকর ছিদ্দিক (৩৫), মুক্তিমপুরের মো. আল আমিন (৩৭) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারুওরা গ্রামের মো. সাইফুল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 










