মুকসুদপুরে মেডিকেলে চান্স না পেয়ে বিষপানে মেধাবী ছাত্রের আত্মহত্যা

- সর্বশেষ পরিমার্জন: ০৪:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ১০১ বার পঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরে মেডিকেল কলেজে, ভর্তির পরীক্ষায় চান্স না পেয়ে বিষপানে আত্মহত্যা করেছেন ইমুন বিশ্বাস (১৯) নামের এক মেধাবী ছাত্র।
নিহত ইমুন বিশ্বাস মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ী ইউনিয়নের খোরট গ্রামের বাসিন্দা এবং হিন্দুহাটি হলধর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুবাস চন্দ্র বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইমুন ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। ১৮৯নং সরকারি ঠুললারপাড় প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি, হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে সাধারণ বৃত্তি পান। ২০২১ সালে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ এবং ২০২৩ সালে ঢাকা মাইলস্টোন কলেজ থেকে এইচএসসিতেও এ প্লাস পেয়ে উত্তীর্ণ হন।
এ বছর তিনি এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন ইমুন।
গত ১১ মে শনিবার রাত ১১টার দিকে তিনি নিজ বাড়িতে জমির আগাছা নাশক বিষ “প্যারাক্সন” পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় ১৩ মে সোমবার সন্ধ্যা ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইমুন।
ইমুন বিশ্বাসের অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন অনেকে।
বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের পরীক্ষায় ব্যর্থতা বা প্রত্যাশা পূরণ না হওয়া যেন আত্মহত্যার কারণ না হয়—এ বিষয়ে পরিবার, শিক্ষক ও সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে।

















