লোহাগড়ায় গাছ কাটতে বাধা দেয়ায় দুজন নারীকে মারপিট

- সর্বশেষ পরিমার্জন: ০৩:২৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৫০ বার পঠিত

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউপির নওখোলা গ্রামে মেহেগনি গাছ কাটতে বাধা দেয়ায় দুজন নারীকে মারপিট করবার অভিযোগ উঠেছে।
নওখোলা গ্রামের মৃত আওয়াল হোসেন মোল্যার ছেলে মোঃ আনসার উদ্দিন মোল্যা অভিযোগে জানান, লোহাগড়া উপজেলার নওখোলা মৌজার এস,এ দাগ নং-১৬ এর ৩২ শতক জমি আমার। ওই জমিতে রয়েছে মেহগনিসহ নানা প্রজাতির মূল্যবান গাছ। গত মঙ্গলবার(২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নওখোলা গ্রামে ওই জমিতে গিয়ে মৃত আওয়াল হোসেন মোল্যার ছেলে হান্নান মোল্যা ওরফে হানিফ , মৃত নাজির মোল্যার ছেলে ফেরদৌস মোল্যা, হান্নান মোল্যার ছেলে আশিকুর মোল্যা, মাকড়াইল গ্রামের মৃত সার্জন মোল্যার ছেলে জহুর মোল্যা আমার নিজ নামীয় স্বত্বদখলীয় জমি থেকে রামদা, লাঠি, বাঁশের লাঠি, করাত নিয়ে জবরদখল করে মেহগনি গাছ কাটতে শুরু করে। এসময় আমার স্ত্রী রহিমা বেগম ও মেয়ে ফিরোজা বেগম তাদেরকে গাছ কাটতে বাধা দিলে তারা আমার স্ত্রী ও মেয়েকে মারপিট করে জখম করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। দূর্বৃত্তরা আমার স্ত্রীর শ্লীলতাহানী ঘটায়। দূর্বৃত্তরা প্রায় ৫লাখ টাকার মূল্যবান মেহগনি গাছ কেটে নিয়ে গেছে।
অভিযুক্ত মোঃ হান্নান মোল্যা হানিফ গাছ কাটার কথা স্বীকার করে বলেন, পৈত্রিক সূত্রে আমিও ওই জমির অংশীদার। আমি আমার অংশের গাছ কেটেছি। মৃত নাজির মোল্যার ছেলে ফেরদৌস মোল্যা বলেন, আমার বাবা এই জমির আরেকজন শরিক। বাবার পক্ষে আমি শরিক হয়ে মেহেগনি কাছ কেটেছি।
এঘটনায় মোঃ আনসার উদ্দিন মোল্যা লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। লোহাগড়া থানার এস,আই মোঃ মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শকালে জানান, অভিযোগ পেয়ে তদন্তে এসেছি। গাছ কাটার কথা সত্য। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। জমা-জমি নিয়ে দুপক্ষের বিরোধ রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।






















