আমীরের পরে এবার টাকা বিতরণের সময় জামায়াত-শিবিরের দুই কর্মী আটক

- সর্বশেষ পরিমার্জন: ০৬:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৫ বার পঠিত

বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামে জামায়াত ও শিবিরের দুই কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নিজলাঠিমারা গ্রামের মৃত সের আলী মোল্লার ছেলে জামায়াত কর্মী কবির (৩০) এবং শিবির কর্মী রাহাত।
জানা যায়, বুধবার দুপুরে তারা গ্রামের বিভিন্ন স্থানে টাকা বিতরণ করছিলেন। এ সময় স্থানীয় লোকজন ও বিএনপি কর্মীরা রাহাতকে আটক করেন। দলীয় কর্মীকে আটকের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি কর্মীদের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষ এড়াতে পাথরঘাটা ইউনিয়ন শিবিরের সভাপতিসহ ৪-৫ জন সেখান থেকে সরে যান। পরে জামায়াত কর্মী কবির রাহাতকে উদ্ধার করতে এলে মোবাইল পুলিশ টিমের সদস্যরা দেশীয় অস্ত্রসহ তাকে আটক করেন। এ সময় ঘটনাস্থলে নৌবাহিনীর সদস্যরা উপস্থিত হন।
মোবাইল পুলিশের কর্মকর্তা ও জেলা পুলিশের উপপরিদর্শক বিকাশ কর্মকার মুঠোফোনে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং উদ্ধার করা অস্ত্র ও টাকার উৎস সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপর একটি ঘটনায়, পাথরঘাটার কাঠালতলী ইউনিয়নের কিরণপুর এলাকায় দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করেন নৌবাহিনীর সদস্যরা। আটক কিশোর গ্যাং সদস্যরা নির্বাচনি সহিংসতা ও গোলযোগ সৃষ্টির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
নাগরিক ভাবনা, সেলিম সম্রাট




















