আব্দুল আওয়ালঃ জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে প্রায় সাড়ে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে কারেন্ট জাল সংরক্ষণের দায়ে শহীদ মিয়া নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পৌর শহরের মধ্যবাজার এবং উপজেলার দশানী নদী ও নীলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে বকশীগঞ্জ থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরের মধ্যবাজারে শহীদ মিয়ার দোকানে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় অবৈধ জাল সংরক্ষণের দায়ে শহীদ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ছাড়া উপজেলার দশানী নদী ও নীলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭১টি নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। পরবর্তীতে সেগুলোও পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না রিং জাল ব্যবহারের ফলে মাছের প্রজনন ব্যাহত হয় এবং জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হয়। মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















