রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকার কাজী মার্কেটে অভিযান চালিয়ে চোরাই পানির মোটর সহ রুবেল নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোর চক্রের সাথে জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রাজবাড়ীর খানখানাপুর ও পার্শ্ববর্তী এলাকা জুড়ে বিভিন্ন বসতবাড়ি এবং কৃষি জমি থেকে প্রতিনিয়ত পানির মোটর চুরির ঘটনা ঘটছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি হয়।
এ বিষয়ে খানখানাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) হারুন জানান, এলাকা জুড়ে মোটর চুরির একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ মোড়ের কাজী মার্কেটে রুবেলের ইলেকট্রনিক্সের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ চোরাই পানির মোটর জব্দ করা হয় এবং দোকানের মালিক রুবেলকে আটক করা হয়।
তিনি আরও জানান, চুরির এই সিন্ডিকেটের সাথে রুবেলের সরাসরি কতটুকু সম্পৃক্ততা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। চোর চক্রের সাথে যোগসাজশ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। এ ধরনের চুরি রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তদন্ত কেন্দ্র।

রাজু আহমেদ, রাজবাড়ী 


















