
জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ফুলবাড়ী মডেল মসজিদের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মো. মিরাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মো. মোবাশ্বের রাশেদ্বীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম সুজা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ফোকাস পরিচালক মো. সোহেল রানা, কুড়িগ্রাম জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক আব্দুল হালিম রানা এবং সাবেক ছাত্রনেতা মো. কামাল হোসেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা দেশের ভবিষ্যৎ সম্পদ। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে আরও ভালো করার জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি মো. মোবাশ্বের রাশেদ্বীন শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানো একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও মেধা যেন সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগে, সেদিকে তাদের মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম সুজা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে উচ্চশিক্ষায় নিজেদের আরও দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভবিষ্যতে দেশ পরিচালনা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে আজকের এসব শিক্ষার্থীকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মো. বেলাল হোসেন। এ সময় ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা ও ফুলবাড়ী উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) 



















