
মোঃ শরিফুল ইসলাম শাহ
দিনাজপুর প্রতিনিধি,
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সার ডিলার, কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় চিরিরবন্দর উপজেলা পরিষদের কনফারেন্স রুম ‘ইছামতি’তে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় কৃষকদের স্বার্থে সার ও কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া সার ডিলারদের উদ্দেশে বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কোনো ডিলার অবৈধভাবে মজুদ করলে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্সও বাতিল করা হবে।
তিনি আরও বলেন, কৃষকদের প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ যথাসময়ে নিশ্চিত করতে হবে। কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা, উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিমসহ বিএডিসি ও বিসিআইসি সার ডিলার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















