
মোঃ শরিফুল ইসলাম শাহ,
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে ৬৬ পিস ক্ষতিকর নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের গলাহার ঢাকাইয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ওই এলাকার মোঃ শামসুল শেখের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৪৬) এবং তার স্ত্রী মোছাঃ নয়ন (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ মাইনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল মাদক উদ্ধার এবং পরোয়ানা তামিল অভিযানে বের হয়। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গলাহার ঢাকাইয়াপাড়া এলাকায় আসামির নিজ
বসতবাড়িতে মাদকের কেনাবেচা চলছে। সংবাদ পেয়ে পুলিশ উক্ত বাড়িতে অভিযান চালিয়ে আমিনুল ও তার স্ত্রী নয়নকে আটক করে। পরে তাদের তল্লাশি করে হেফাজতে থাকা সর্বমোট ৬৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার ২০০ টাকা।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-২২, তারিখ: ১২/০৯/২০২৬) রুজু করা হয়েছে।
মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ জহুরুল ইসলামকে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নাগরিক ডেস্ক রিপোর্ট 


















