
মজনু মিয়া, গাইবান্ধা: “এক ফোঁটা রক্ত, এক নতুন আশায় সূর্যোদয়”—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নলডাঙ্গা ব্লাড ডোনার্স অর্গানাইজেশন (এনবিডিও)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় নলডাঙ্গা শহীদ মিনার চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নলডাঙ্গার তিনটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান—খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, নলডাঙ্গা উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয় এবং নলডাঙ্গা জে.সি. বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে নলডাঙ্গা ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইবরার আর জাহিদ-এর সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি আবুল হোসেন মন্ডল, নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির আল আমিন, নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী বুলবুল হোসেন পরামানিক, নলডাঙ্গা ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের উপদেষ্টা ও হলি চাইল্ড মাল্টিমিডিয়া স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মিজানুর রহমান পিপুল এবং নলডাঙ্গা জে.সি. বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলরুবা আক্তার জেলি।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে ভালো ফলাফল ও শিক্ষাজীবনে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সংগঠনের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

মজনু মিয়া, গাইবান্ধা 



















