আমরা স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করি : মাসুদ সাঈদী

- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ৪০ বার পঠিত

পিরোজপুর অফিস:: বাংলাদেশ জামায়াতে ইসলামের পিরোজপুর-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আমরা স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করি। প্রকৃত দেশপ্রেম মানে সততা, ন্যায় ও জবাবদিহিতা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি শেষে পিরোজপুর টাউন ক্লাব রোডে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম করলেও এখনো কাঙ্ক্ষিত বৈষম্যহীন ও শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ গণআন্দোলন-সবই হয়েছে অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে। তাদের স্বপ্ন ছিল একটি মর্যাদাশীল, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। মাসুদ সাঈদী আরও বলেন, যারা কেবল মুখে স্বাধীনতার চেতনার কথা বলে, বাস্তবে তাদের অনেকেই দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েছে। প্রকৃত স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পথসভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক ও সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক। এ সময় জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















