
শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম): জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ সভাপতিত্ব করেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে এ সময় পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মতলেবুর রহমান মঞ্জু, অধ্যাপক সোলায়মান আলী, উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আনিছার রহমান, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার এক অনন্য কবি। তাঁর সাহিত্য ও সংগীতের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সাম্যের চেতনা গড়ে তোলা সম্ভব। তাই শিক্ষার্থীদের নজরুলের জীবন, কর্ম ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিত করার এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা শেষে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গত ৩১ আগস্ট উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ সভাপতিত্ব করেন। পরবর্তীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম) 













