আব্দুল আওয়াল: জামালপুরের দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) রাতে পৌর শহরের কালীতলা মোড় এলাকা থেকে দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সোহেল মিয়া পৌর শহরের চর ভবসুর (পশ্চিমপাড়া) এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি ২০২৬ সালের জুন মাসে পৌর শহরের বাদেশহরিয়া এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে বিস্ফোরণ ও নাশকতার ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেওয়ানগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকার জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে জামালপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আব্দুল আওয়াল 





















