নাঈম ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার, শ্রবণযন্ত্র, চশমাসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে প্রাথমিক শিক্ষা বিভাগীয় কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের সাথে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মো. মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।
এ সময় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।
সভায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ৯টি হুইল চেয়ার, ৩টি হিয়ারিং ডিভাইস, ২টি স্ক্র্যাচ ও ২টি চশমাসহ মোট ১৬জন শিক্ষার্থীদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।
সহায়ক উপকরণ পেয়ে শিশু ও তাদের অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করে বলেন, এসব উপকরণ শিশুদের চলাফেরা, শিক্ষা গ্রহণ ও দৈনন্দিন জীবনযাপনে সহায়ক হবে।
সভায় বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা তাদের অধিকার রক্ষার পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 


















