
পিরোজপুর অফিস: কমিউনিটি পুলিশিং ডে-২০২৬ উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নায়োরী কমিউনিটি সেন্টারে সদর থানা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং সদর থানার সভাপতি শেখ শহীদুল্লাহ সহর সভাপতিত্বে এবং দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মো. মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সিনিয়র সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম, বিএনপি নেতা শেখ রিয়াজ উদ্দিন রানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেনসহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধে সামাজিক অংশগ্রহণ জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক আস্থার মাধ্যমে অপরাধ প্রতিরোধের পাশাপাশি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পিরোজপুর অফিস 


















